Academy

10. আঁকা, লেখা | মৃদুল দাশগুপ্ত

10. আঁকা, লেখা | মৃদুল দাশগুপ্ত - WBBSE - Class 7 - বাংলা

0

আঁকা, লেখা

মৃদুল দাশগুপ্ত

Illustration of butterflies, birds, and mice

রং ছড়িয়ে খুশ-খেয়ালে আমি যখন চিত্র আঁকি তিনটি শালিক ঝগড়া থামায়, অবাক তাকায় চড়ুই পাখি মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চায় প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায় গর্ত থেকে ইঁদুর, সেটাও পিটপিটে চোখ দেখছে চেয়ে রং-তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে!

ওই যে মাঠে চাঁদের দুধের সর জমে যায় যখন পুরু বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখার শুরু এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে 'অ' লিখছে 'আ' লিখছে দশ জোনাকি বকুল গাছে এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া সেই তো আমার পরম পুলক, সেই তো আমার পদক পাওয়া!


১. 'পিটপিটে চোখ'- শব্দটির মানে 'যে চোখ পিটপিট করে তাকায়'। এইরকম আরো পাঁচটি শব্দ তৈরি করো। একটি করে দেওয়া হলো- কুড়মুড়ে চানাচুর।

২. ঠিক বানানটি বেছে নাও:

২.১ মৎস্য / মৎস / মৎশ্য, ২.২ দুধের স্বর / দুধের সর / দুধের শর, ২.৩ কাপন / কাঁপন / কাঁপণ, ২.৪ ঈশৎ / ইষৎ / ঈষৎ

শব্দার্থ: খুশ খেয়াল-খামখেয়াল, মর্জি। ঈষৎ-অল্প, কিঞ্চিৎ। চিত্র-ছবি, আলেখ্য, প্রতিলিপি। কাঁপন-কম্পন, স্পন্দন। মৎস্য-মাছ, মীন। পুলক-রোমাঞ্চ, আনন্দ। সর-দুধ, দই প্রভৃতির উপরের ঘন নরম আবরণ। পদক-কণ্ঠভূষণ, লকেট। পিটপিটে-মিটমিটে, আধচোখে দেখা। বেজায়-অত্যন্ত, খুব। পুরু-ঘন, স্থূল। পরম-চরম, অত্যন্ত।

৩. নীচে দেওয়া শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো: সামান্য, আনন্দ, মীন, নক্ষত্র, মূষিক।

৪. 'কম্পন' শব্দ থেকে এসেছে 'কাঁপন' শব্দটি, অর্থাৎ 'ম্প' যুক্তাক্ষরটি ভেঙে যাচ্ছে। হারিয়ে যাওয়া 'ম' আগের ধ্বনিটিকে অনুনাসিক করে তুলেছে এবং একটি নতুন 'আ' ধ্বনি চলে আসছে। এই নিয়মটি মনে রেখে নীচের ছকটি সম্পূর্ণ করো।

  • চন্দ্র > ________
  • চম্পা > ________
  • ষণ্ড > ঝাঁপ
  • অঙ্ক > ________

৫. একসঙ্গে অনেক প্রজাপতি থাকলে আমরা বলি 'প্রজাপতির ঝাঁক'। এইভাবে আর কী কী শব্দ তৈরি করা যায় শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে নীচের শূন্যস্থানগুলি পূরণ করে দেখো।

৫.১ ভেড়ার ________ ৫.২ কইমাছের ________ ৫.৩ হস্তী ________ ৫.৪ নৌকার ________ ৫.৫ সুপুরি গাছের ________ ৫.৬ ছাত্রদের ________

সারি, যূথ ঝাঁক, দল বহর, পাল

৬. নীচের বিশেষ্যগুলির বিশেষণের রূপ লেখো: রং, চিত্র, মাঠ, লেখা, পুলক।

৭. নীচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো :

৭.১ ঈষৎ ৭.২ বেজায় ৭.৩ পিটপিটে ৭.৪ পরম ৭.৫ নীল ৭.৬ গোপন

৮. বিপরীতার্থক শব্দ লেখো: গোপন, ঈষৎ, খুশি, পুরু, ঝগড়া।

৯. নিম্নরেখ অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো :

৯.১ তিনটি শালিক ঝগড়া থামায়। ৯.২ গর্ত থেকে ইঁদুর, সেটাও পিটপিটে চোখ দেখছে চেয়ে। ৯.৩ প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায়। ৯.৪ এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে। ৯.৫ সেই তো আমার পদক পাওয়া।

১০. বাক্য বাড়াও :

১০.১ আমি যখন আঁকি। (কী, কীভাবে?) ১০.২ চাঁদের দুধের সর জমে যায়। (কোথায়? কেমন?) ১০.৩ পিটপিটে চোখ দেখছে চেয়ে। (কে? কোথা থেকে?) ১০.৪ ছড়া লেখার শুরু। (কার? কখন?) ১০.৫ 'অ' লিখছে 'আ' লিখছে। (কারা? কোথায়?)

মৃদুল দাশগুপ্ত (১৯৫৫): হুগলি জেলার শ্রীরামপুরে জন্ম। লেখাপড়া করেছেন উত্তরপাড়া কলেজে। বিষয় ছিল জীববিজ্ঞান। প্রথম কাব্যগ্রন্থ- 'জলপাই কাঠের এসরাজ'। অন্যান্য কাব্যগ্রন্থ- 'এভাবে কাঁদে না', 'গোপনে হিংসার কথা বলি', 'সূর্যাস্তে নির্মিত গৃহ' ইত্যাদি। ছোটোদের জন্য ছড়ার বই- 'ঝিকিমিকি ঝিরিঝিরি', 'ছড়া ৫০', 'আমপাতা জামপাতা'। প্রবন্ধগ্রন্থ- 'কবিতা সহায়'। তিনি বর্তমানে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।


১১. একটি বাক্যে উত্তর দাও :

১১.১ কবি কখন ছবি আঁকেন? ১১.২ কখন তাঁর ছড়া লেখার শুরু? ১১.৩ তিনটি শালিক কী করে? ১১.৪ কে অবাক তাকায়? ১১.৫ মাছরাঙা কী চায়? ১১.৬ প্রজাপতিদের ইচ্ছা কী? ১১.৭ গর্তে কে থাকে? ১১.৮ চাঁদের পুরু দুধের সর কোথায় জমে? ১১.৯ কারা, কোথায় অ-আ লিখছে? ১১.১০ কবি কোন বিষয়কে 'পদক পাওয়া' মনে করেছেন?

Illustration of a yellow butterfly

১২. দু-তিনটি বাক্যে উত্তর দাও :

১২.১ কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কী কী পরিবর্তন ঘটে ? ১২.২ কবি যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে? ১২.৩ 'তিনটি শালিক ঝগড়া থামায়'—কোন কবির কোন কবিতায় এমন তিন শালিকের প্রসঙ্গ অন্যভাবে আছে? ১২.৪ মাছরাঙা পাখি কেমন দেখতে? সে মৎস্য ভুলে যায় কেন? ১২.৫ “রং-তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে।”- কবির এমন বক্তব্যের কারণ কী? ১২.৬ “অ' লিখছে 'আ' লিখছে'—কারা কীভাবে এমন লিখছে? তাদের দেখে কী মনে হচ্ছে?

১৩. অনধিক দশটি বাক্যে উত্তর দাও :

১৩.১ 'এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া'- কাকে উদ্দেশ্য করে কবি একথা বলেছেন? কবির আঁকা এবং লেখা-র সঙ্গে এই মানুষটির উপস্থিতির সম্পর্ক এবং গুরুত্ব বিচার করো। ১৩.২ এই কবিতায় যে যে উপমা ও তুলনা ব্যবহৃত হয়েছে, সেগুলি ব্যবহারের সার্থকতা বুঝিয়ে দাও। ১৩.৩ ছবি আঁকা, ছড়া/কবিতা লেখার মধ্যে তুমি নিজে কোনটা, কেন বেশি পছন্দ করো তা লেখো। ১৩.৪ তোমার নিজের লেখা ছড়া / কবিতা, নিজের আঁকা ছবিতে ভরিয়ে চার পাতার একটি হাতে লেখা পত্রিকা তৈরি করো। পত্রিকার একটি নাম দাও। তারপর শিক্ষিকা/ শিক্ষককে দেখিয়ে তাঁর মতামত জেনে নাও।


Illustration of a human face outline on a black background

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel