Academy

20. স্মৃতিচিহ্ন | কামিনী রায়

20. স্মৃতিচিহ্ন | কামিনী রায় - WBBSE - Class 7 - বাংলা

0

ষষ্ঠ পাঠ

স্মৃতিচিহ্ন

কামিনী রায়

ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্ম্যরূপে বিশাল অক্ষরে ইষ্টক-প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে! মূঢ় ওরা, ব্যর্থ মনস্কাম! প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের 'পরে, চারিদিকে ভগ্ন স্তূপ, তাহাদের তলে, লুপ্ত স্মৃতি; শুষ্ক তৃণ কাল-নদী জলে ভেসে যায় নামগুলি, কেবা রক্ষা করে। মানব হৃদয়-ভূমি করি' অধিকার, করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন, দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল প্রস্তরের এতো বোঝা জড়ো করিবার ; তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন- কাল-স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল।॥

An old arched door on a rocky base

৭০

  • নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
    • ক. মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন?
    • খ. অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছ?
    • গ. অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা কোন স্মারক / সৌধ / মিনার তুমি দেখেছ?
    • ঘ. তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত?
    • ঙ. মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন?

শব্দার্থ : হর্ম্য—অট্টালিকা। ইষ্টকপ্রস্তরে—ইটপাথরে। ভূম—মাটি। কালনদী—সময়ের স্রোত।

  1. নীচের বিবৃতিগুলির মধ্যে যেগুলি ঠিক তাদের পাশে ✔ চিহ্ন আর যেগুলো ভুল তাদের পাশে ❌ চিহ্ন দাও:

    1. ইট-পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না।
    2. যাঁরা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তাঁরা বরেণ্য।
    3. সাধারণ মানুষের মনে যাঁরা স্থান পেয়েছেন, তাঁদের নাম ভেসে যায়।
    4. এমন বহু সহায়-সম্বলহীন, দরিদ্র মানুষ আছেন, মহাকাল যাঁদের স্মৃতি মুছে দিতে পারেনি।
    5. 'মানব হৃদয়-ভূমি' অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে।
  2. কবিতা থেকে শব্দ চয়ন করে নীচে প্রদত্ত কবিতাংশের শূন্যস্থান পূরণ করো : "ওরা ভেবেছিল _________ আপনার নাম মনোহর _________ বিশাল ইষ্টক _________ রচি চিরদিন রেখে _________ !"

  3. নীচে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো : মনোহর, বিশাল, মূঢ়, ব্যর্থ, ভগ্ন, লুপ্ত, শুষ্ক, অধিকার, দৃঢ়, অক্ষুণ্ণ, ধৌত, নিত্য, সমুজ্জ্বল।

  4. নীচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো : নাম, মনোহর, প্রস্তর, মূঢ়, ব্যর্থ, ভগ্ন, স্তূপ, স্মৃতি, রক্ষা, মানব, হৃদয়, প্রতিষ্ঠা, দৃঢ়, দরিদ্র।

কামিনী রায় (১৮৬৪-১৯৩৩) : বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি কামিনী রায় বরিশাল জেলার বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম চণ্ডীচরণ সেন। তিনি অতি শৈশবকাল থেকে কবিতা রচনায় প্রয়াসী হন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'আলো ও ছায়া' মাত্র ১৫ বছর বয়সে প্রকাশিত হয়। তিনি বেথুন কলেজ থেকে সংস্কৃতে বি.এ. পাস করে ওই কলেজেই শিক্ষাব্রতীর কাজে আত্মনিয়োগ করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো- 'পৌরাণিকী', 'দীপ ও ধূপ', 'জীবনপথে', 'মাল্য ও নির্মাল্য', 'অশোক সঙ্গীত' প্রভৃতি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 'জগত্তারিণী স্বর্ণপদক' লাভ করেন।

৭১

  1. নীচের শব্দগুলিকে বাক্যে ব্যবহার করো : অক্ষর, চিরদিন, স্মৃতি, মানব, রক্ষা, অধিকার, সম্বল, প্রতিষ্ঠা।

  2. নীচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো : মনোহর, মনস্কাম, ব্যর্থ, সিংহাসন, প্রতিষ্ঠা, সমুজ্জ্বল, প্রস্তর।

  3. নীচের শব্দগুলির গদ্যরূপ লেখো : আপনার, রচি, তরে, খসিছে, ভূমে, আছিল, হের।

  4. সমার্থক শব্দ লেখো: মন, হর্ম্য, মূঢ়, দরিদ্র, নদী।

  5. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও : 9.1. 'স্মৃতিচিহ্ন' কবিতাটি কার রচনা? 9.2. কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? 9.3. কবিতাটি কী জাতীয় রচনা? 9.4. কবিতায় কবি কাদের 'মূঢ়' ও 'ব্যর্থ মনস্কাম' বলেছেন? 9.5. তাদের স্মৃতি কীভাবে লুপ্ত হয়ে যায়? 9.6. কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? 9.7. 'কাল' কে কবিতায় কীসের সঙ্গে তুলনা করা হয়েছে? 9.8. কবিতায় 'শুষ্ক তৃণ' বলতে কবি কী বুঝিয়েছেন?

  6. তিন-চারটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : 10.1. 'ওরা ভেবেছিল মনে...'- কাদের কথা বলা হয়েছে? তারা কী ভেবেছিল? 10.2. 'মূঢ় ওরা'- কবিতায় তাদের মূঢ় বলার কারণ কী? 10.3. 'কেবা রক্ষা করে'- কী রক্ষা করার কথা বলা হয়েছে? তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? 10.4. 'দরিদ্র আছিল তারা'- কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কীভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? 10.5. কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোেত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? 10.6. 'মানবহৃদয় ভূমি করি অধিকার'-কারা, কীভাবে মানবহৃদয় ভূমি অধিকার করে? 10.7. কবিতায় কবি কোন 'স্মৃতি'কে কেন অবিনশ্বর ও 'নিত্য সমুজ্জ্বল' বলেছেন? 10.8. তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কী?

  7. স্মরণীয় কয়েকজন বাঙালি মনীষীর চিত্র ও বাণীসম্বলিত একটি চার্ট তৈরি করো।

  8. তুমি যাঁর জীবনের কথা জেনে অনুপ্রাণিত, এমন একজন মনীষীর জীবনের কোনো বিশেষ ঘটনার কথা বন্ধুকে লিখে জানাও/সে সম্বন্ধে দেওয়াল পত্রিকায় লেখা প্রকাশ করো।

  9. কবিতাটি থেকে যে শিক্ষা পেলে, সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো।

৭২

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel