15. নোট বই | সুকুমার রায়
15. নোট বই | সুকুমার রায় - WBBSE - Class 7 - বাংলা
নোট বই
সুকুমার রায়
এই দেখো পেনসিল, নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। NOTE ভালো কথা শুনি যেই চট পট লিখি তায়— BOOK ফড়িঙের ক'টা ঠ্যাং, আরশুলা কী কী খায়; আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গোরু কেন করে ছটফট। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ। কান করে কট কট ফোড়া করে টন টন— ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকা? এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায়, বলো দেখি পারো কে? বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে? তেজপাতে তেজ কেন? ঝাল কেন লঙ্কায়? নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়? কার নাম দুন্দুভি? কাকে বলে অরণি? বলবে কী, তোমরাও নোট বই পড়োনি!
1. একটি বাক্যে উত্তর দাও :
1. নোট বই কী ধরনের লেখাতে ভরা?
2. বক্তা কী করে নিজে নিজে নোট বইটি লিখলেন?
2. চটপট, চটচট, ছটফট, কটকট – এই শব্দগুলি কী ধরনের শব্দ? চটপট আর ছটফট এই দুটি শব্দ দিয়ে দুটি করে বাক্য লেখো।
3. নীচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও :
লণ্ঠন, লংকা, আঠা।
4. একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো:
পা, উত্তর, অস্থিরতার ভাব, তীক্ষ্ণতা।
📚 শব্দার্থ : চটপট – তাড়াতাড়ি/দ্রুত। ঠ্যাং-পা। চটচট -আঠালো। ছটফট-অস্থিরতার ভাব। খটকা-সন্দেহ। পিলে- প্লীহা। দুন্দুভি-ঢাক। অরণি-যে কাঠে আগুন জ্বলে বা চকমকি পাথর বা চিত্রক গাছ।
5. শূন্যস্থান পূরণ করো :
| বিশেষ্য | বিশেষণ |
|---|---|
| আঠা | মানসিক |
6. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
1. 'ভালো কথা শুনি যেই চটপট লিখি তায়'-বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন?
2. 'কাল থেকে মনে মোর লেগে আছে খটকা'-কাল থেকে মনে কী খটকা লেগেছে? এই খটকা কীভাবে দূর হবে?
3. 'বলবে কী, তোমরাও নোটবই পড়োনি!'- নোটবই পড়লে আর কী কী জানা যাবে?
👤 সুকুমার রায় (১৮৮৭-১৯২৩): ‘আবোল তাবোল', 'হ-য-ব-র-ল', 'পাগলা দাশু' ইত্যাদির স্রষ্টা সুকুমার রায়। পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। প্রত্যেক বাঙালির শৈশবে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক। চিত্রশিল্প, ফটোগ্রাফি, সরস ও কৌতুককর কাহিনি এবং ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয়। তাঁর রচিত অন্যান্য বই— 'খাই খাই', 'অবাক জলপান', 'ঝালাপালা', 'লক্ষ্মণের শক্তিশেল' ইত্যাদি। স্বল্পদিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে।
7. নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
1. ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি কী করে?
2. তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো।
3. কিলবিল, ছটফট, কটকট, টনটন এগুলো কী ধরনের শব্দ?
4. 'মাথাঘামানো' এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কী?
5. ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেন?
6. মানুষের কাছে নোট বই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো?
7. তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কী ধরনের তথ্য লিখে রাখবে?
8. 'জোয়ান' শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো।
9. 'আগাগোড়া' এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি পাঁচটি শব্দ লেখো।
10. কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে?
11. কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো?
12. কোন প্রশ্নগুলি পড়ে কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে?
8. নীচের শব্দগুলির গদ্যরূপ লেখো:
তায়, মোর, তেজপাতে।
9. বিশেষ্যগুলিকে বিশেষণে আর বিশেষণগুলিকে বিশেষ্যে বদলে লেখো :
মন, চটচট, জবাব, পেট।
10. নীচের সর্বনামগুলিকে বাক্যে ব্যবহার করো :
আমি, মোর, কে, কার, কাকে, তোমরা, নিজে।
11. নীচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় দুই অংশ সম্প্রসারণ করে লেখো :
1. ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন।
2. এই দেখো ভরা সব কিলবিল লেখাতে।
3. জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে।
4. ঝাল কেন লংকায়।
5. বলবে কী, তোমরাও নোট বই পড়োনি!
12. নিম্নরেখ অংশগুলির কারক-বিভক্তি নির্ণয় করো :
1. কাল থেকে মনে মোের লেগে আছে খটকা।
2. ওরে রামা ছুটে আয়।
3. পেট কেন কামড়ায় বলো দেখি পারো কে?
4. নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ।
5. এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে।
CONTENT MANAGER