18. কাজী নজরুলের গান | রামকুমার চট্টোপাধ্যায়
18. কাজী নজরুলের গান | রামকুমার চট্টোপাধ্যায় - WBBSE - Class 7 - বাংলা
কাজী নজরুলের গান
রামকুমার চট্টোপাধ্যায়
একদিন ঘটেছিলো একটি ঘটনা। যাচ্ছি ইস্কুলে। যত এগোচ্ছি, দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড়। কী ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে-ওকে। সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম। ইশকুলের দিকে আর গেলাম না। একটু পরে আবার রোল উঠল কাজী নজরুলও আসছেন। এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। উত্তেজনায় আমি তখন টগবগ করছি। বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ সেই ব্যক্তিই কি নেতাজি, কাকে জিজ্ঞাসা করব? কে উত্তর দেবে? কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, নেতাজি স্বয়ং তাঁকে দুহাত তুলে প্রণাম করলেন। শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে, এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং-এর রীতি। যাই হোক, একজন গাইলেন, আরেকজন বললেন। গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে দেখলাম, সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। বুঝলাম কাজীর গান কী জিনিস! মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন-এ ছবি আমি পরেও দেখেছি। তবে জীবনের প্রথম দেখা যে কোনও ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায়। তাই আজও কাজীদার সেই গান চোখ বুজলেই যেন শুনতে পাই। গানের পরে বক্তা কী বক্তৃতা দিলেন, তা আজ এত বছর পরে মনে নেই। তবে আমি দেখলাম অত ছোটো বয়েসেই আমার রক্ত যেন টগবগ করে ফুটতে আরম্ভ করেছে। আমার মধ্যে কী যে হলো কে জানে, দেখলাম আমি ছুটছি, রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে এলাম। উত্তেজনাকে কমানোর জন্যে টেনে নিলাম আমার প্রিয় সঙ্গী তবলাকে। ডুবে গেলাম তবলার বোলে!
(অনুলিখন : সাহানা নাগচৌধুরী)
- কাজী নজরুল ইসলাম ব্যতীত কোন মনীষীর নাম পাঠ্যাংশে খুঁজে পেলে?
- 'এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং-এর রীতি।' কোন রীতির কথা এখানে বলা হয়েছে?
- পাঠ্যাংশে কার, কেমন দেহসৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে?
- টীকা লেখো: কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বদেশি যুগ।
- কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হলো? তখন তিনি কী করলেন?
- শিক্ষকের সাহায্য নিয়ে নীচের বিষয়গুলির মধ্যে কাজী নজরুলের লেখা কোন কোন গান খুঁজে পেলে লেখো: স্বদেশপ্রেম বিষয়ক; প্রকৃতি বিষয়ক; হাসির গান/ছড়ার গান; প্রেমের গান; ধর্মীয় অনুষঙ্গের গান।
রামকুমার চট্টোপাধ্যায় (১৯২১-২০০৯) : বাংলা সংগীত জগতের প্রবাদ পুরুষ। সংগীতই ছিল তাঁর ধ্যান জ্ঞান। দেশ-বিদেশে বিপুল খ্যাতি সম্পন্ন এই শিল্পীর সংগীত সাধনার পীঠস্থান ছিল কোলকাতা শহর। হারিয়ে যাওয়া বাংলা পুরাতনী গানকে তিনি নতুন প্রাণ দিয়েছেন। পাঠ্যাংশটি তাঁর 'পুরাতনী' নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যেখানে তিনি পুরনো কোলকাতা, তখনকার বাঙালি জীবন, নানান বিখ্যাত মানুষজনের স্মৃতিচারণ করেছেন।
CONTENT MANAGER