Academy

1. প্রথম পাঠ | ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত

1. প্রথম পাঠ | ছন্দে শুধু কান রাখো | অজিত দত্ত - WBBSE - Class 7 - বাংলা

0

প্রথম পাঠ

Illustration of a person amidst dense foliage under a crescent moon, depicting a character in contemplation.

ছন্দে শুধু কান রাখো

অজিত দত্ত

মন্দ কথায় মন দিয়ো না
ছন্দে শুধু কান রাখো,
দ্বন্দ্ব ভুলে মন না দিলে
ছন্দ শোনা যায় নাকো।
ছন্দ আছে ঝড়-বাদলে
ছন্দ আছে জোছনাতে,
দিন দুপুরে পাখির ডাকে
ঝিঁঝির ডাকে ঘোর রাতে।
নদীর স্রোতের ছন্দ যদি
মনের মাঝে শুনতে পাও
দেখবে তখন তেমন ছড়া
কেউ লেখেনি আর কোথাও।
ছন্দ বাজে মোটর চাকায়
ছন্দে চলে রেলগাড়ি
জলের ছন্দে তাল মিলিয়ে
নৌকো জাহাজ দেয় পাড়ি।
ছন্দে চলে ঘড়ির কাঁটা
ছন্দে বাঁধা রাত্রি-দিন,
কান পেতে যা শুনতে পাবে
কিচ্ছুটি নয় ছন্দহীন।
সকল ছন্দ শুনবে যারা
কান পেতে আর মন পেতে
চিনবে তারা ভুবনটাকে
ছন্দ সুরের সংকেতে।
মনের মাঝে জমবে মজা
জীবন হবে পদ্যময়,
কান না দিলে ছন্দে জেনো
পদ্য লেখা সহজ নয়।

১. অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :

১.১ "মন্দ কথায় কান দিয়ো না"- মন্দ কথার প্রতি কবির কীরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে?

১.২ "কেউ লেখেনি আর কোথাও" - কোন লেখার কথা এখানে বলা হয়েছে?

১.৩ "চিনবে তারা ভুবনটাকে" কারা কীভাবে ভুবনটাকে চিনবে?

১.৪ "পদ্য লেখা সহজ নয়" পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন?

১.৫ "ছন্দ শোনা যায় নাকো" কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না?

২. বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করো এবং বাক্য রচনা করো :

ঝড়, মন, ছন্দ, দিন, সুর, সংকেত, দ্বন্দ্ব, মন্দ, ছন্দহীন, পদ্যময়, সহজ,

যেমন- ঝড় (বি.) > ঝোড়ো (বিণ.) > আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে।

৩. নীচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো:

মন্দ, দ্বন্দ্ব, তাল, ডাক, বাজে, ছড়া, মজা, নয়।

💡 শব্দার্থ : দ্বন্দ্ব - সংঘাত, ঝগড়া, বিবাদ। ভুবন- পৃথিবী, জগৎ। সঙ্কেত-ইশারা, ইঙ্গিত।

৪. নীচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো:

জোছনা, চাকা, কান, দুপুর, ঝিঁঝি।

৫. কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করো :

৫.১ ছন্দ আছে ঝড়-বাদলে

৫.২ ছন্দে বাঁধা রাত্রি দিন

৫.৩ কিচ্ছুটি নয় ছন্দহীন

৫.৪ চিনবে তারা ভুবনটাকে/ছন্দ সুরের সংকেতে

৫.৫ কান না দিলে ছন্দে জেনো/পদ্য লেখা সহজ নয়

৬. 'কান' শব্দটিকে পাঁচটি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো:

📝 অজিত দত্ত (১৯০৭ - ১৯৭৯) : জন্ম ঢাকার বিক্রমপুরে। ত্রিশ-চল্লিশ দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি। বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদনা করেন 'প্রগতি' পত্রিকা। 'কল্লোল' সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত 'কবিতা' পত্রিকার সূচনা থেকেই ছিলেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'কুসুমের মাস', 'পাতালকন্যা', 'নষ্টচাঁদ', 'পুনর্নবা', 'ছড়ার বই', 'ছায়ার আলপনা' প্রভৃতি।

৭. 'ঝড়-বাদল'- এমনই সমার্থক বা প্রায়-সমার্থক শব্দ দিয়ে তৈরি পাঁচটি শব্দ লেখো:

৮. তোমার পরিচিত আর কোন কোন যানবাহনের চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে?

৯. নানা প্রাকৃতিক ঘটনায় কীভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে?

কান পেতে শোনা যাবে এমনমন পেতে শোনা যাবে এমন

• সত্যেন্দ্রনাথ দত্তের 'পালকির গান' কবিতাটি শিক্ষকের সাহায্য নিয়ে সংগ্রহ করো।

১০. সমার্থক শব্দ লেখো:

জল, দিন, রাত্রি, নদী, ভুবন

১১. শব্দযুগলের অর্থপার্থক্য দেখাও :

দিনমনসুরসকল
দীনমণশূরশকল

১২. 'যারা-তারা' র মতো তিনটি সাপেক্ষ শব্দজোড় তৈরি করো।

১৩. কবিতা থেকে খুঁজে নিয়ে তিনটি সর্বনাম লেখো।

১৪. কবিতায় রয়েছে এমন চারটি 'সম্বন্ধ পদ' উল্লেখ করো।

১৫. নীচের বাক্য/ বাক্যাংশের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদাভাবে দেখাও :

১৫.১ ছন্দ আছে ঝড়-বাদলে

১৫.২ দেখবে তখন তেমন ছড়া / কেউ লেখেনি আর কোথাও।

১৫.৩ জলের ছন্দে তাল মিলিয়ে / নৌকো জাহাজ দেয় পাড়ি।

১৫.৪ চিনবে তারা ভুবনটাকে / ছন্দ সুরের সংকেতে।

১৬. নিম্নরেখ অংশগুলির কারক-বিভক্তি নির্দেশ করো :

১৬.১ ছন্দে শুধু কান রাখো।

১৬.২ ছন্দ আছে ঝড়-বাদলে।

১৬.৩ দিন দুপুরে পাখির ডাকে।

১৬.৪ ছন্দে চলে রেলগাড়ি।

১৬.৫ চিনবে তারা ভুবনটাকে।

CONTENT MANAGER

Sattar Uddin SohelSattar Uddin Sohel