23. ঘাস | জীবনানন্দ দাশ
23. ঘাস | জীবনানন্দ দাশ - WBBSE - Class 10 - বাংলা
ঘাস | জীবনানন্দ দাশ
কচি লেবুপাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা; কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস তেমনি সুঘ্রাণ -হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে! আমারও ইচ্ছা করে এই ঘাসের ঘ্রাণ হরিৎ মদের মতো গেলাসে গেলাসে পান করি, এই ঘাসের শরীর ছানি চোখে চোখ ঘষি, ঘাসের পাখনায় আমার পালক, ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই কোনো এক নিবিড় ঘাস-মাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে। জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪): জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। পড়াশুনো প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে পড়িয়েছেন একাধিক কলেজে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'ঝরা পালক' ১৯২৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'ধূসর পাণ্ডুলিপি', 'বনলতা সেন', 'মহাপৃথিবী', 'সাতটি তারার তিমির', 'রূপসী বাংলা', 'বেলা অবেলা কালবেলা' প্রভৃতি। তাঁর রচিত আখ্যানের মধ্যে রয়েছে 'কারুবাসনা', 'বাসমতীর উপাখ্যান', 'মাল্যবান', 'সুতীর্থ', 'জলপাইহাটি' প্রভৃতি। 'কবিতার কথা' তাঁর লেখা একমাত্র প্রবন্ধগ্রন্থ।
CONTENT MANAGER